হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে কমপ্লেক্সের কয়েকটি উঁচু ভবনে একই সঙ্গে আগুন ধরে যায়। দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

চায়না ডেইলির তথ্য অনুযায়ী, একাধিক টাওয়ারে একসঙ্গে আগুন লাগায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে পুলিশ জানিয়েছে। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত সাতজনকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক, আর একজন স্থিতিশীল।

ফায়ার সার্ভিস আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। দরজা–জানালা বন্ধ রাখতে ও শান্ত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ওয়াং ফুক কোর্ট মোট আটটি ব্লক নিয়ে গঠিত বড় আবাসিক কমপ্লেক্স। এখানে প্রায় দুই হাজার ইউনিট রয়েছে। আগুন লাগা ভবনগুলোর বাইরের দিকে নির্মাণের কাজে ব্যবহৃত বাঁশের ভারা থাকায় আগুন নিচ থেকে দ্রুত ওপরের তলায় ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।